বার্তা সংস্থা আবনা : সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অর্জনের প্রশংসা করে বলেছেন, চূড়ান্ত বিজয় এগিয়ে আসছে।
রাজধানী দামেস্কে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন বলে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে। ওয়ায়েল আল-হালকি বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সফলতা সিরিয় সরকারকে জনকল্যাণমূলক আরো পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।
সিরিয়ার সেনাবাহিনী যখন লেবাননের সীমান্তবর্তী দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আল কাসিরে সফল অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলীয় এ এলাকাটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে রয়েছে তখন এ কথা বললেন প্রধানমন্ত্রী হালকি।
সিরিয় বাহিনীর আল কাসির অভিযানে আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাহ ফ্রন্টের প্রধান কমান্ডার আবু ওমর নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, আল-কুসাইর শহরে সেনা অভিযানে একশ’র বেশি বিদ্রোহী মারা গেছে।
এর আগে, প্রধানমন্ত্রী আল-হালকি বিদেশি গেরিলাদের হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, শিগগিরি সিরিয়া ছেড়ে চলে যেতে হবে তা না হলে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে।
তিনি বলেছিলেন, বিভিন্ন দেশ থেকে যেসব ভাড়াটে সন্ত্রাসী সিরিয়ায় এসে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তাদের সামনে দু’টি পথ খোলা আছে। এর একটি হলো- তাদের সবাইকে সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। আর দ্বিতীয় পথটি হচ্ছে মৃত্যু। তার দেশের সেনাবাহিনী শিগগিরি আরো বড় অভিযান শুরু করবে বলেও সে সময় হালকি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলেন।